পঞ্চগড়ে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত, স্বামী আহত
এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী।
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকার প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের স্বামী। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বললে তারা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
মঙ্গলবার দুপুরে দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম।
নিহত রিনা আক্তার (৪৫) দেবীগঞ্জ পারফেক্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা। আহত সাইফুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেবীগঞ্জ শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি স্পিড ব্রেকারে (গতি রোধক) ধাক্কা খেয়ে সড়কে পরে যান তারা। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণসহ নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। সেইসঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলা প্রশাসক বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। পঞ্চগড়বাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত। আমি আশ্বস্ত করেছি সমস্যার সমাধান হবে। তারা এক সেকেন্ড দেরি না করে সড়ক ছেড়ে দিয়েছে।
“সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নীলফামারীর হলেও পঞ্চগড়ে অতিরিক্ত দায়িত্বে আছেন। তাকে বিকালে দেখা করতে ডেকেছি। রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে এটি দ্রুত শেষ করার নির্দেশ দেব। যদি রাস্তায় বিজিবির কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রয়োজনীয় অংশ সরিয়ে রাস্তা প্রশস্ত করা হবে।”
এর মধ্যে সড়কে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে বলে জানান জেলা প্রশাসক সায়েমুজ্জামান।
ওসি আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
