২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিআরটিসির দোতলা বাসের চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু

পেছন থেকে ধাক্কায় মোটরসাইকেলসহ চালক সড়কের উপর পড়ে যান। কিন্তু বাস চালক বাসটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়।

নারায়ণগঞ্জে বিআরটিসির দোতলা বাসের চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু
শাহজালাল আল ইমরান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

নারায়ণগঞ্জে সরকারি পরিবহন বিআরটিসির দোতলা (ডাবল-ডেকার) বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এসআই আসিফ হোসেন।

নিহত ৫৫ বছর বয়সী শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে। তিনি ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আসিফ বলেন, শাহজালাল আল ইমরান মোটরসাইকেল চালিয়ে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। পথে জালকুড়ির এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড কারখানার সামনের দ্রুতগামী দোতলা বাসটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

“এতে মোটরসাইকেলসহ চালক সড়কের উপর পড়ে যান। কিন্তু বাস চালক বাসটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “পালিয়ে যাওয়া বাসটি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”