২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিআরটিএর ৩ কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা

কার্যালয়ের পত্র ইস্যু রেজিস্ট্রারে অসংখ্য নম্বর ফাঁকা রাখা হয়েছে ভবিষ্যতে যা ব্যবহার করে দুর্নীতির সুযোগ তৈরির জন্য।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযানে তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশও করা হয়েছে। 

রোববার দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিআরটিএ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতি চলার অভিযোগ ছিল। এ প্রেক্ষিতে গত ৭ মে কার্যালয়ে দুদকের অভিযান পরিচালনা করা হয়। 

মশিউর রহমান বলেন, “প্রথমে আমরা সাদা পোশাকে কার্যালয়ে পর্যবেক্ষণ করি।  এসময় ঘুষ নিয়ে কাজ করা, গ্রাহককে সঠিক তথ্য না দেওয়া, গ্রাহকদের দিনের পর দিন ভোগান্তিতে রাখা, দীর্ঘ বছর একই অফিসে কাজ করা, কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জন, দালাল চক্রসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

দুদকের ওই কর্মকর্তা বলেন, বিগত ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পযর্ন্ত গোপালগঞ্জ বিআরটিএ অফিসে মোট ২ হাজার ৮৮৪টি লাইসেন্সের আবেদন জমা হয়। 

এর মধ্যে অফিসের পত্র ইস্যু রেজিস্ট্রারে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। রেজিস্ট্রারে অসংখ্য নম্বর ফাঁকা রাখা হয়েছে ভবিষ্যতে যা ব্যবহার করে দুর্নীতির সুযোগ তৈরির জন্য।

দুদক কর্মকর্তা আরও বলেন, “বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী শরীফুল ইসলাম এ অফিসে ২০১৬ সাল থেকে প্রায় ৯ বছর এখানে কর্মরত রয়েছে। তার স্থায়ী ঠিকানাও এখানে আর কর্মস্থলও এখানে, যে কারণে দুর্নীতির প্রচলনটা এখানে তৈরি হয়েছে।”

অফিস সহকারী লিখন শেখের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে জানিয়ে উপপরিচালক মশিউর বলেন, ২০২৩ সাল থেকে কর্মরত লিখনের বাড়ি নড়াইল। তিনি পরিবারসহ খুলনায় থাকেন, প্রতিদিন সেখান থেকে যাতায়াত করেন।

“আমরা তথ্য পেয়েছি- খুলনায় তার বাড়ি রয়েছে, নড়াইলে প্রচুর জমি কেনা রয়েছে, গাড়ি আছে। তার যে আর্থিক সামর্থ্য তা তার বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” 

এছাড়া অফিস সহায়ক ইয়াছিন শেখের বিরুদ্ধে গত বছর দুদকের গণশুনানিতে অভিযোগ এসেছিল। 

“তখন দুদকের কমিশনার বদলীর জন্য বলেছিলেন, আমরাও চিঠি দিয়েছিলাম। কিন্তু কোন এক কারণে তিনি এখনো এই অফিসে বহাল রয়েছেন। ”

দুদকের এই কমকর্তা আরও বলেন, “গোপালগঞ্জ বিআরটিএ অফিসের সহকারী পরিচালক পদটিতে বরগুনা জেলার সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। তিনি সপ্তাহে একদিন অফিস করায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

“এছাড়া তিনি নিয়মত অফিসে না থাকায় কর্মচারীরা দালালদের সঙ্গে মিশে একটি সিন্ডিকেট করে জনভোগান্তি তৈরি করার সুযোগ পাচ্ছেন। ”

এই কর্মকর্তা আরও বলেন, এ অভিযানে আমরা যে অভিযোগগুলোর সত্যতা পেয়েছি।  তা নিয়ে সহকারী পরিচালকের কাছে সুপারিশ দিয়েছি। 

“এছাড়া দুদকের প্রধান কার্যালয় থেকে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সুপারিশগুলো দেওয়া হবে। যাতে অনিয়মের বিরুদ্ধে ব্যপক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। 

এছাড়াও এই অফিস দালালমুক্ত করা হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। 

এসব অভিযোগের বিষয়ে বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী শরীফুল ইসলাম, অফিস সহকারী লিখন শেখ ও অফিস সহায়ক ইয়াছিন শেখের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এসব বিষয়ে জানতে বিআরটিএ সহকারী পরিচালক লায়লাতুল মাওয়ার নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।