আশুলিয়ায় সেপটিক ট্যাংক ‘বিস্ফোরণে’ নিহত ১
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।”
ঢাকার আশুলিয়ায় এক বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন বাড়ির ভাড়াটিয়াসহ আরও অন্তত ৫ জন।
শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান।
নিহত গোলাম রাব্বানী (৫০) ওই বাড়ি দেখাশোনা করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী ইমান আলী (৪৫), বাড়ির ভাড়াটিয়া ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও মো. রোহান (০৭)। তাদের মধ্যে ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য লোক আনা হয়। পাশাপাশি দুটি সেপটিক ট্যাংকের একটি পরিষ্কার করার পর অন্যটি পরিষ্কার করার সময় সেখানে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ট্যাংকের ঢাকনা বাড়ির টিনের চাল ভেঙে উপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে।
এ ঘটনায় গোলাম রাব্বানী ঘটনাস্থলেই মারা যান। পরিচ্ছন্নতাকর্মী ইমান আলীসহ ভাড়াটিয়ারা আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে আশুলিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান।
