নারায়ণগঞ্জে কিশোর হত্যার ১৯ বছর পর ২ জনের যাবজ্জীবন
২০০৫ সালে ২ মার্চ বন্দরের মাহমুদপুর এলাকার বাংলা সিমেন্ট কারখানার পরিত্যক্ত পুকুর থেকে সজিবের লাশ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দরে সজিব ওরফে শরীফ নামে ১৫ বছর বয়সী এক কিশোর হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিকালে নারায়ণগঞ্জর অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা ১৯ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আবদুর রশিদ জানান।
দণ্ডিতরা হলেন-নগরীর তল্লা খানপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি এবং বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আজিজুল ইসলামের ছেলে মামুন।
রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না; দুজনই পলাতক রয়েছেন।
মামলার বরাতে পরিদর্শক আবদুর রশিদ বলেন, “২০০৫ সালে ১ মার্চ সন্ধ্যার পর বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে বাইরে যায় সজিব ওরফে শরীফ। রাতে বাসায় ফিরে না আসায় তার বাবা মো. শহীদুল্লাহ তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও হদিস মেলেনি।
“পরদিন বন্দরের মাহমুদপুর এলাকার বাংলা সিমেন্ট কারখানার পরিত্যক্ত পুকুর থেকে সজিবের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শহীদুল্লাহ ও তার পরিবারেরর সদস্যরা হাসপাতাল মর্গে সজিবের লাশ শনাক্ত করেন। পরে শহীদুল্লাহ এ ঘটনায় চারজনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।”
রায়ে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক; অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত পুলিশের এ পরিদর্শক জানান।
