১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীমঙ্গল, দুর্ভোগে চা শ্রমিকরা

রোববার সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান, রোববার সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে। সকাল থেকে শীতের সঙ্গে ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ জেলার মানুষ ও লক্ষাধিক চা শ্রমিকের সকাল থেকেই দুর্ভোগ বাড়াচ্ছে।

এর আগে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান।  

এদিকে ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাসে দুপুর অবধি সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে শ্রীমঙ্গলে। রাত ১০ টার পর সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে এ জনপদ।