Published : 06 Jul 2026, 07:23 PM
সাতক্ষীরায় চালানো এক জরিপে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। প্রায় ৭৬ শতাংশ নারী জানিয়েছেন, জীবনের কোনো না কোনো সময়ে তারা অনলাইন হয়রানি বা ডিজিটাল সহিংসতার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
তারা বলেছেন, এ ধরনের ঘটনার প্রতিকার পেতে কোথায় অভিযোগ করতে হয়, সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই।
সদর উপজেলা পরিষদের হলরুমে ‘যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সহিংসতা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে অ্যাডভোকেসি সভা’য় এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় সাতক্ষীরার উন্নয়ন সংস্থা সিডো জরিপটি পরিচালনা করে। এতে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ। জরিপে অংশ নেওয়া ৬২ জনের তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে গবেষক সাকিব হোসেন জানান।
সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন এবং সদর উপজেলার পৌরসভা, ফিংড়ী ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়।
জরিপের প্রতিবেদনে বলা হয়, ভুয়া আইডি খুলে হয়রানি, ব্যক্তিগত ছবি বা ভিডিও অপব্যবহার, অশালীন বার্তা, সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে হয়রানির প্রবণতা বাড়ছে। সবচেয়ে বেশি হয়রানির মাধ্যম হিসেবে উঠে এসেছে ফেইসবুক। জরিপে ১৯ জনের নামে ভুয়া আইডি খোলা, ১৬ জনকে অশালীন বার্তা পাঠানো এবং ১১ জনের ছবি বা ভিডিও অপব্যবহারের তথ্য উঠে এসেছে।
ডিজিটাল সহিংসতার কারণে ২৯ জন মানসিক চাপে, ২২ জন ভয় ও নিরাপত্তাহীনতায় এবং ১৩ জন শিক্ষা বা কর্মজীবনে ক্ষতির শিকার হওয়ার কথা জানিয়েছেন। হয়রানির পর মাত্র একজন পুলিশ এবং একজন ইউনিয়ন পরিষদের সদস্যের কাছে অভিযোগ করেন। প্রতিকার না পাওয়ার আশঙ্কা, ভয়, সামাজিক লজ্জা ও অভিযোগের স্থান সম্পর্কে অজ্ঞতাকে অভিযোগ না করার প্রধান কারণ হিসেবে বলা হয়েছে।
সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদর থানার এসআই মমতাজ পারভীন, সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর এবং সমাজকর্মী এস এম বিপ্লব হোসেন।