নেত্রকোণায় খাল সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে হৃদয় তা মেরামত করার চেষ্টা করছিলেন।
নেত্রকোণার আটপাড়ায় মাছ ধরার জন্য খাল সেঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের কালিয়াখালী খালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী।
মৃত হৃদয় মিয়া (২৫) ওই গ্রামের সজলু মিয়ার ছেলে।
পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “মাছ ধরার জন্য খালের পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এ সময় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে তিনি তা মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয়।
পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আটপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
