২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন নারী-শিশু ২৬ জন

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন বলে জানিয়েছে বেনাপোল পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 12:53 AM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৬ নারী, পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজা খেটে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আহমেদ।

ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন বলে জানিয়েছে পুলিশ।

ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের বয়স ১২ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, ফরিদপুর, পিরোজপুর, গোপালগঞ্জ, টাংগাইল, কুড়িগ্রাম, ঢাকা, খুলনা, মাগুরা, বগুড়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

আইনি সহায়তা দিতে তাদের দায়িত্ব গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

রাইটস যশোর শাখার এরিয়া ম্যানেজার আবুল হাসনাত বলেন, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। 

পরে আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংগঠন ‘নিলুয়া হোম’ তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

ফেরত আসারা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলে জানান রাইটসের এই কর্মকর্তা।

পুলিশ পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই ২৬ জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে দুটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তরের দায়িত্ব নেয়।