Published : 23 Jul 2026, 01:54 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত দুই বছর বয়সী শিশু আরমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা আমিন মিয়ার ছেলে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।