২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: ফেনীতে চেয়ারম্যান ও কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

গ্রেপ্তারদের মধ্যে সাবেক এক কাউন্সিলরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 11:54 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীতে ছাত্র-জনতা নিহতের ঘটনায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা, ফেনী ও সোনাগাজীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

গ্রেপ্তারদের মধ্যে আমির হোসেন বাহার (৫৫) ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

অন্য গ্রেপ্তাররা হলেন- সোনাগাজী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উন্মে রুমা (৪২), ফেনী পৌরসভার খাজুরিয়া এলাকার যুবলীগ নেতা এখলাছ উদ্দিন খন্দকার বাবলু (৩৩), সদর উপজেলার মোটবি ইউনিয়নের মো. সাদ্দাম হোসেন (৩২), কাজিরবাগের মো. ফয়েজ আহম্মেদ (৬০), ফাজিলপুরের ফজলুল হক সুমন (২৬) এবং দাগনভূঞা পৌরসভার হেদায়েত উল্যাহ সোহেল (৫২)। তারা হত্যাচেষ্টা মামলার আসামি।

গ্রেপ্তারদের মধ্যে এখলাছ উদ্দিন ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের ছোট ভাই।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার মহীপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আটজন ও পরে আরও একজন নিহত হন। হামলায় আহত হন শতাধিক ছাত্র-জনতা।

এ ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা ও আটটি হত্যাচেষ্টার মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে আলাদা অভিযান চালায় পুলিশ।

এর মধ্যে আটটি হত্যা মামলার আসামি বাহারকে ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।