২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

ফরিদপুরে ১০ বছরের মেয়েটিকে ইজিবাইকে করে দূরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ।

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
ফরিদপুর কোতোয়ালি থানা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ফরিদপুর সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মামা বাদী হয়ে সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান একই থানার ওসি আসাদউজ্জামান।

এর আগে রোববার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) এবং জেলা শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা মো.  জুয়েল (২৪)। 

মামলার এজাহারে বলা হয়েছে, টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে ইজিবাইকে করে দূরে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওমর আলী ও জুয়েলকে আটক করে থানায় খবর দেয়। 

পরে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আসাদউজ্জামান বলেন, “ওমর আলী ওই শিশুটিকে ধর্ষণ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আর তাকে সহায়তা করেন জুয়েল। দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।“

এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান ওসি।