স্কুলে যাওয়ার পথে শিশুকে তুলে নিয়ে ‘ধর্ষণ’, অচেতন অবস্থায় উদ্ধার
গাইবান্ধার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে দুই যুবক তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে ভাষ্য স্বজনদের।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে উপজেলার তালতলা ইক্ষুকেন্দ্রের পাশে ঝোপঝাড় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক।
গুরুতর অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনার দিন সকালে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়। বেলা ৩টার দিকে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার সহপাঠীদের জিজ্ঞেস করলে সে স্কুলে যায় নাই বলে তারা জানান।
বিকাল ৫টার দিকে পথচারীরা ইক্ষুকেন্দ্র সংলগ্ন সড়কের পাশে ঝোপঝাড়ের ভেতর একটি শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিখোঁজ শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, “সন্ধ্যা ৬টার দিকে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।”
প্রাথমিক চিকিৎসার পর শিশুটির জ্ঞান ফিরলে স্বজনদের ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা বলেন, “স্কুল যাওয়ার পথে সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে দুই যুবক আমার মেয়েকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয়।
“এরপর তাকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে অজ্ঞাত কোনো এক স্থানে নিয়ে যায় তারা। সেখানে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে পাশবিক নির্যাতন করা হয়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে, আর কিছু বলতে পারে না।”
ওসি মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
