Published : 06 Jul 2026, 07:47 PM
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর জেলি পুশ করা প্রায় ২৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সেগুলো গাড়ির চাকা দিয়ে পিষ্ট করে ধ্বংস করা হয়।
রোববার রাতে শহরের সংগীতা মোড়ে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শাহেদ হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চিংড়িবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে তল্লাশির সময় ক্ষতিকর জেলি পুশ করা প্রায় ২৬০ কেজি চিংড়ি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
“অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বাড়িয়ে বেশি লাভ করার জন্য এভাবে জেলি পুশ করেছিল।”
শাহেদ হোসেন বলেন, জনস্বাস্থ্যের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
সাতক্ষীরার চিংড়ি শিল্পের সুনাম রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।