যশোরে ভাড়ায় চালিত ২ বাসে অগ্নিসংযোগ
আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের।
যশোর সদর উপজেলায় ফাঁকা জায়গায় রাখা দুইটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
শুক্রবার রাত ১টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় এ অগ্নিকাণ্ড হয়েছে বলে জানান কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।
বাসের মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, বাস দুটি বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। দুই মাস ধরে বাসগুলো বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় রেখে দেওয়াছিল।
শুক্রবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দিলে তিনি গিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারাও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানতে পারেননি।
তার দাবি, যুবদল কর্মী হিসেবে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে আক্রোশের শিকার হতে পারেন।
এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা জড়িত তা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
