Published : 03 Jul 2024, 06:03 PM
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
পরে জব্বারের মোড়ে দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় লাল কাপড় দেখিয়ে মহুয়া কমিউটার ট্রেনটি আটকানো হয়।
শিক্ষার্থী ইরান মিয়া বলেন, “চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। আমরা চাই প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক।
“কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার উচ্চ আদালত যদি আমাদের পক্ষে রায় না দেয়, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”
মারিয়া জান্নাত বলেন, “আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তারপরও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক।”
ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীরা লাল কাপড় দেখিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।”
ময়মনসিংহ রেলওয়ের এসআই দীপক পাল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে তারা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।