২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘অপারেশন ডেভিল হান্ট’: ফেনীতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’: ফেনীতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২), জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান (৬০), রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খাজা মাঈনুদ্দিন চিশতী (৫৫), সেকান্তরপুর গ্রামের আলাউদ্দিন (৪৭), সোনাগাজীর বাদুরিয়া গ্রামের মো. ইউনুছ (৪৫), মান্দারী গ্রামের মাবুল হক (৬৭), বগাদানা গ্রামের বাহার উল্যাহ (৪৮), ছাগলনাইয়ার পশ্চিম দেবপুর গ্রামের ওবায়দুল হক (৭০), পরশুরামের বক্সমাহমুদ এলাকার আবদুল হামিদ (৪৮), ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের অহিদুল্লাহ ওরফে শিপন মেম্বর (৪০), শর্শদি ইউনিয়নের ইসমাঈল হোসেন (৪০), মধ্যম চাড়িপুর এলাকার গোলাম রসুল ছোটন (৩৬) ও পৌরসভার রামপুর এলাকার নাইমুল ইসলাম নাঈম। তারা সকলে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পরিদর্শক বলেন, সোমবার দুপুরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্র লীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী মো. ইসমাঈল (৩০), মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েমকে (২৩) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ১৬ জনকে গত বছরের ৫ অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।