জামাই-শ্বশুর কলহে যুবক নিহত, লাশ দেখে ‘হৃদরোগে’ আরেকজনের মৃত্যু
ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্বশুর ও জামাইয়ের বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর মরদেহ দেখে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ প্রতিবেশী আরেক যুবক মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
হামলায় নিহত সোহেল রানা (৩২) উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামের শাহজাহানের ছেলে। ‘মস্তিষ্কের রক্তক্ষরণে’ মারা যাওয়া মঞ্জু মিয়া (৪২) একই এলাকার আব্দুস সাত্তার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ের সঙ্গে তিন মাস আগে একই উপজেলার চাপারকোনা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনি মিয়ার বিয়ের রেজিস্ট্রি হয়। তবে রেজিস্ট্রির পর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।
সোমবার রাতে রনি মিয়া তার লোকজন নিয়ে স্ত্রীকে আনতে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় মেয়ের বাবা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষকে থামাতে গেলে লাঠির আঘাতে প্রতিবেশী সোহেল রানা গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সোহেল রানার মরদেহ দেখে আরেক প্রতিবেশী মঞ্জু মিয়া ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ অসুস্থ হয়ে পড়েন। সেখানেই তারও মৃত্যু হয়।
পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পায়ওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
