২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সাংবাদিকদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবি

দুই মামলাকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার চেয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

লালমনিরহাটে একাধিক সাংবাদিকের নামে দায়ের হওয়া মামলাকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার চেয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতারা। 

স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পত্রিকাটির জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আসামি করা হয়েছে।

এ ছাড়া পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকালের উপজেলা প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামি করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি সাংবাদিক নেতাদের। 

তাদের দাবি, “তিন সাংবাদিকই নির্দোষ; যা তদন্তেই প্রমাণিত হবে। তাই দ্রুত আইনি প্রক্রিয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে।” 

স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার সাংবাদিকদের দাবির বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে আদিতমারী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধনের কর্মসূচি পালনের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

মানববন্ধন শুরুর আগ মুহূর্তে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিলে সাংবাদিকরা কর্মসূচি স্থগিত করেন।

আদিতমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন বলেন, “সাংবাদিকদের নামে হওয়া মামলাসহ চলমান সংকট সমাধানে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তাই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

বিএনপির প্রতিনিধি দলের প্রধান মমিনুল হক বলেন, “সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয়। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।”