টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্বপ্নার গলা, বুক, পেট, পিঠ ও হাতে গুরুতর জখম হয়।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন।
দণ্ডিত শাহিনুর রহমান বাসাইল উপজেলার খুলবল্লা গ্রামের ছামাদ মিয়ার ছেলে। সাজার পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
টাঙ্গাইল জেলা আদালত পুলিশের পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডিত শাহিনুর রহমানকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার স্বপ্না বেগমের সঙ্গে শাহিনুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহিনুর ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে স্বপ্নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী স্বপ্না বেগমকে ধারালো বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন শাহিনুর রহমান। এতে স্বপ্নার গলা, বুক, পেট, পিঠ ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মো. মান্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় শাহিনুর রহমান, তার বাবা ও মায়ের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে বাসাইল থানার এসআই মো. মনির হোসেন প্রধান শাহিনুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
পিপি বলেন, ২০২২ সালের ২৬ জানুয়ারি শাহিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
