২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ছাত্র হত্যা মামলায় লিটনসহ আসামি ৩৪২

৪২ জনের নামসহ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 12:45 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। 

শুক্রবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন সাকিবের পিতা মাইনুল হক। ৪২ জনের নামসহ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে ৫ অগাস্ট উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এ দিন দুপুরে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে দেশের রাজপথ দখলে নেয় আন্দোলনকারীরা। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অগাস্ট রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় শাহমুখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। 

সাবেক মেয়র লিটনের ইন্ধনে আসামিরা তাকে দুই দফা গুলি করে হত্যা করে বলে অভিযোগ আনা হয়েছে। 

সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন তিনি।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ফারুক হোসেন ডাবলু ও জিএম হিরা বাচ্চু, রাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি।

আরও কয়েকজন উল্লেখযোগ্য আসামি হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।

বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। আর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ছাত্র-জনতার মিছিলে হামলার ইন্ধনদাতা হিসেবে ৪২ নম্বর আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।