Published : 03 Jul 2026, 08:18 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ১০ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শুক্রবার দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান।
জাকির হোসেন শেখ (৬০) টুঙ্গিপাড়া পৌরসভার বাসিন্দা । তিনি আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে এলাকায় পোস্টারও লাগিয়েছেন।
স্বজনদের অভিযোগের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শিশুটি কল থেকে পানি আনতে যায়। তখন জাকির প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার করলে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়।
শিশুটির বাবা বলেন, “মেয়ের চিৎকার ও কান্না শুনে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, “জাকির পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”