সাতক্ষীরার যুবকের হাতুড়ির আঘাতে তরুণী নিহত
টুম্পা সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
সাতক্ষীরায় সদর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত টুম্পা খাতুন (২০) থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
টুম্পাকে হত্যার অভিযোগ ওঠা ইলিয়াস হোসেন (৩০) ওই গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে ও টুম্পাদের প্রতিবেশী।
নিহতের পিতা রেজাউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে মাদকাসক্ত ও বখাটে ইলিয়াস হাতুড়ি দিয়ে তার মেয়ে টুম্পার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
এতে তার মেয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব বলেন, “হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আঘাতে মেয়েটির মারাত্মক হেড ইনজুরি হয়েছে। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গেছে বলে আমার ধারণা।”
সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক জানান, নিহত টুম্পা তার বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিল।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি ও যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
