রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে একটি রসুন ক্ষেতে এ হত্যাকাণ্ড ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
সাজাপ্রপাপ্তরা হলেন- শরীয়তপুর জেলার খোরশেদ সরদার ও পটুয়াখালী জেলার শাজাহান সরদার।
রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
সাজার পাশাপাশি তাদের দশ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক।
অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আব্দুর রাজ্জাক জানান।
মামলার বিবরণে বলা হয়, ডলার ব্যাবসার জের ধরে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে।
পরদিন সকালে পাংশা মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজ্জাক বলেন, “আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।”
