২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী কারাগারে

আইনজীবী বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মীকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুল হক।  

আসামিদের মধ্যে- উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন তালুকদার রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০২১ সালের ১১ নভেম্বর  স্থানীয় বাসিন্দা ও বিএনপির সদস্য সৈয়দ মোস্তফা সাহেদ কামালের আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের মনোহারি দোকান হামলা-ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশীয় অস্ত্র ব্যবহার ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

আসামিরা দোকান থেকে চার লাখ টাকার মালামাল এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা দোকান জ্বালিয়ে দেয়। একই সময়  সৈয়দ মোস্তফা সাহেদ কামালের ভাইয়ের দোকানঘরও আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা। 

এ ঘটনায় গত ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা সাহেদ কামাল আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা করেন। 

আইনজীবী আসাদুল হক বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করেন।