২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘দুর্গন্ধে’ অসুস্থ ২০ শিক্ষার্থী

তীব্র দুর্গন্ধে শ্বাসকষ্টে ভোগা শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘দুর্গন্ধে’ অসুস্থ ২০ শিক্ষার্থী
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসুস্থ হয়ে পড়া কয়েক শিক্ষার্থী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় তীব্র দুর্গন্ধে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এ ঘটনার পর তাৎক্ষণিক বিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে; আর বাকিদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- নারকেল বাড়ি গ্রামের রিপন বৈদ্যের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ঝিলিক বৈদ্য (১৪), রফিকুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ খন্দকার (১২), সুরঞ্জন বৈদ্যের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী স্মৃতি (৯), বদরতলা গ্রামের অবির বাড়ৈর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ঝুমা বাড়ৈ (১৩), হাজরাবাড়ি গ্রামের মাখন লালের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রোদেলা (১৪), ভূতের বাড়ি গ্রামের লুৎফর মীরের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিয়ান্তা মীর (১৬) এবং অষ্টম শ্রেণির ছাত্রী রিতা হালদার (১৪)।

ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া খানম (১২) বলে, “নতুন ভবনের দ্বিতীয় তলায় প্রথম ক্লাস শেষে দ্বিতীয় ক্লাসে চলছিল। ক্লাস শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর হঠাৎ জানালা দিয়ে বিষাক্ত গন্ধ আসে। এতে দম বন্ধ হয়ে যাচ্ছিল।

“সবাই শ্বাসকষ্টে আতঙ্কিত হয়ে দ্রুত দ্বিতীয় তলা থেকে নিচে নেমে স্কুল মাঠে চলে যাই। এর মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।”

এ ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ালে তাৎক্ষণিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। 

নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেবারতী বলেন, “আমি পাশের ভবনে রাউন্ডে ছিলাম। হঠাৎ হৈ চৈ শুনে ছুটে আসি। দেখি সবাই ছোটাছুটি করছে। অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

শ্রেণিকক্ষের জানালা দিয়ে কীটনাশকের মতো গন্ধ আসে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল মধু। তিনি বলেন, “গন্ধে শিক্ষার্থীদের শ্বাসকষ্ট শুরু হয়। তাদের আত্মচিৎকারে বিদ্যালয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

“তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের চারিদিকে অনুসন্ধান করেও দুর্গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।”

স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে শিক্ষার্থীরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারবেশনে রাখার এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্গন্ধে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।” 

এতে ভয়ের কোনো কারণ নেই বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।