১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিকদের ওপর নৌকার কর্মীদের হামলার অভিযোগ

মঙ্গলবার সংসদ সদস্যকে একদিনে দুটি শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

কুমিল্লায় সাংবাদিকদের ওপর নৌকার কর্মীদের হামলার অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একাত্তর টিভির ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 11:33 PM

Updated : 20 Dec 2023, 11:33 PM

কুমিল্লা নগরীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরা পারসনের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর। এ সময় তাদের মোবাইল ও লাইভ ডিভাইস কেড়ে নেওয়া হয়। 

বুধবার বেলা ১১টার দিকে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

হামলায় আহত কাজী এনামুল হক ফারুক একাত্তর টেলিভিশনে কুমিল্লার নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি। আহত অপরজন হলেন একই টিভির ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগ। 

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগেরও সভাপতি। 

হামলার শিকার কাজী এনামুল হক ফারুক বলেন, “অফিসের লাইভ প্রোগ্রাম ছিল। আমি যুক্ত হওয়ার জন্য স্টেডিয়াম এলাকায় আসি। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা আমার ওপর হামলা করে। এ সময় তারা আমাদের ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগের ওপরও হামলা করে। হামলাকারীরা আমার মোবাইল ফোন ও লাইভ ডিভাইস নিয়ে গেছে।” 

ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগ বলেন, “আমরা লাইভে যুক্ত হচ্ছিলাম। এ সময় সেখানে উপস্থিত থাকা নেতাকর্মীরা ফারুক ভাই ও আমার ওপর ঝাপিয়ে পড়ে। তারা আমাকে এলোপাতাড়ি মেরেছে। আমার পুরো শরীরে ব্যাথা করছে।

পুরানো খবর:

এমপি বাহারকে একদিনে দুই শোকজ

পুরানো খবর:

‘হেভিওয়েট’ বলতে কিছু নেই, সবই সমান: ইসি আনিছুর

“ঘটনার পর সহকর্মীরা আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়ি”, বলেন সোহাগ। 

সাংবাদিকরা জানান, সোমবার প্রতীক বরাদ্দের পর সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার একটি উঠান বৈঠকে বক্তব্য দেন। এ সময় তিনি ‘বিএনপি-জামায়াতের কোনো কর্মীকে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন’ বলে অভিযোগ ওঠে। 

সেই বক্তব্যের ভিডিও একাত্তর টিভিতে প্রচারিত হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। 

Image

হামলার শিকার কুমিল্লার সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংসদ সদস্যকে একদিনে দুটি শোকজ করেন এই আসনের জন্য গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল। 

এরপর বুধবার একাত্তর টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটল। 

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাউদ্দিন বাহারের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক উল্লাহ খোকন বলেন, “ঘটনার সময় আমি ও এমপি সাহেব মঞ্চে ছিলাম। পরে শুনেছি সেখানে কার সঙ্গে যেন সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়েছে। আমরা বিষয়টি দেখছি। ঘটনাটি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। আর যদি সাংবাদিকের মোবাইল ফোন ও লাইভ ডিভাইস কেউ নিয়ে থাকে- সেগুলোও ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, “মূলত ঘটনাটি হল এমপি সাহেবের বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করা হয়েছে। তিনি একটি কথা আগে ও পরে কী বলেছেন- সেটি দেখানো হয়নি। এটা তো সাংবাদিকতা হতে পারে না। কারো বক্তব্য বিকৃত বা খণ্ডিতভাবে আপনি প্রচার করে নির্বাচনি পরিবেশ নষ্ট করতে পারেন না। এসব ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।”   

এ প্রসঙ্গে জানতে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

তবে বিষয়টি নিয়ে দুপুরে ফেনীতে কথা বলেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজও কুমিল্লাতে আপনাদের (একাত্তর টিভির প্রতিনিধির উপর হামলা) একটি ঘটনা ঘটেছে। পুলিশকে বলা হয়েছে, আইনের মধ্যে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সবটুকু করার জন্য।”