২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 06:53 PM

Updated : 27 Sep 2026, 07:00 PM

পাবনার আটঘরিয়ায় নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মরদেহটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

রোববার দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান।

নিহত চাম্পা খাতুন (২২) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা বলছে, রোববার সকালে আসলাম হোসেনের বাড়ির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে গিয়ে চাম্পা খাতুনের গলিত মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, “চাম্পা খাতুন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চার থেকে পাঁচ দিন আগে ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি নাজমুল হক জানন।

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।