হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে ‘মারধর’, প্রতিবাদে কর্মবিরতি
মারধরের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন নার্সরা।
হবিগঞ্জ সদর হাসপাতালে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন সহকর্মীরা। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে এক ঘণ্টা সেবা বন্ধ রাখা হয়।
এ ছাড়া মারধরের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন নার্সরা।
মঙ্গলবার ভোরে শ্বাসকষ্ট নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলমকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। পরে হাসপাতালের ওয়ার্ডে তিনি মারা যায়। তবে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা কর্তব্যরত এক নার্সকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে সকালে নার্সরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে তারা বেলা ১২টার দিকে মারধরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
এ সময় অপারেশন বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স সালমা আক্তার, জরুরি বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া এবং জ্যেষ্ঠ নার্স মুনমুন আক্তার বক্তব্য দেন।
নার্সদের দাবি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি পালন করবেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে।
