২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাটখিল থানার ওসি বলেন, দৌলতপুরের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 12:55 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে যুবকের দগ্ধ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, রোববার রাত ১০টার দিকে পৌরসভার দৌলতপুরের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মো. খোকন (৩২) ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দিনমজুর খোকনকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোবাইলে ফোন করে কেউ ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। পরিবার শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করে। 

রাতে স্থানীয় লোকজন ঝোপে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “লাশটি পোড়ানো মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি হত্যা বলে মনে হচ্ছে।”

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা হয়েছে।