১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেয় ‘জুম্ম ছাত্র-জনতা’।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

খাগড়াছড়িতে চলমান ১৪৪ ধারা আট দিন পর প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।  

শনিবার রাত পৌনে ৯টায় খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ ছাড়া একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

“বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাওয়া গিয়েছে।  

“রোববার ভোর ৬টা হতে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হল।” 

এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেয় ‘জুম্ম ছাত্র-জনতা’।