চুরির অপবাদে পুলিশ মেসে তত্ত্বাবধায়ককে নির্যাতন, ৩ সদস্য প্রত্যাহার
ইউনুস অভিযোগ করেন, এ সময় তাকে ঠিকমত চিকিৎসা দেওয়া হয়নি এবং শরীরে আঘাতের ব্যাপারে চিকিৎসকদের কাছে মিথ্যা বলতে বাধ্য করা হয়।
পিরোজপুরে পুলিশ কর্মকর্তাদের মেসে চুরির অপবাদে সেখানকার তত্ত্বাবধায়ককে নির্যাতনের অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন পরিদর্শকসহ তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এই তিন ডিবি পুলিশের বিরুদ্ধে ওই তত্ত্বাবধায়কের (কেয়ারটেকার) পুরুষাঙ্গে মোমবাতি গলিয়ে নির্যাতন করার অভিযোগও উঠেছে। এ ঘটনা জানাজানির পর তা তদন্তে কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
প্রত্যাহার করা এই তিন সদস্য হলেন- পরিদর্শক আরিফুল ইসলাম, কনস্টেবল আল মামুন, কনস্টেবল কাওসার।
তাদেরকে ডিবি থেকে সরিয়ে পুলিশ লাইন্সে প্রত্যাহারের তথ্য শনিবার সাংবাদিকদের দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতার পর এ পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতনের শিকার মো. ইউনুস ফকির পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তাদের মেসে ২০০৮ সাল থেকে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চুরির এই ঘটনা সোমবার ঘটে, যা জানাজানি হয় শুক্রবার। শনিবার সাংবাদিকরা হাসপাতালে ইউনুস ফকিরের সঙ্গে কথা বলেন।
ইউনুসের ভাষ্য অনুযায়ী, পরিদর্শক আরিফুল ইসলাম মেসের দোতলায় একটি কক্ষে থাকেন। সোমবার দুপুরে আরিফুল ইসলাম তার কাছে থাকা কক্ষের চাবি ফেরত চান এবং কক্ষ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি অভিযোগ অস্বীকার করলে তাকে হাতকড়া পরিয়ে একটি কক্ষে নিয়ে মারধর করা হয়। পরে আরও কয়েকজন সদস্য যোগ দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে দাবি করেন তিনি।
ইউনুস অভিযোগ করেন, তার কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয় এবং তাকে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। পরিবার টাকা দেওয়ার জন্য রাত পর্যন্ত সময় চায়। পরে তাকে আবার মেসে এনে নির্যাতন চালানো হয়।
তিনি দাবি করেন, এক পর্যায়ে তার পুরুষাঙ্গে মোমবাতি গলিয়ে নির্যাতন করা হয়। পরে পরিবারের সদস্যরা ধার করে টাকা পরিশোধ করলে নির্যাতন বন্ধ হয়। পরবর্তীতে তাকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর মেসের ঝাড়ুদার শাকিলকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং পুলিশ সেই টাকা উদ্ধার করে। এরপর ইউনুসের দেওয়া টাকা পুলিশ তাকে ফেরত দেয়।
ইউনুস অভিযোগ করেন, এ সময় তাকে ঠিকমত চিকিৎসা দেওয়া হয়নি এবং শরীরে আঘাতের ব্যাপারে চিকিৎসকদের কাছে মিথ্যা বলতে বাধ্য করা হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।
ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, “আমার ভাইকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিবির পরিদর্শক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ইউনুসের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে যা ঘটেছে, তা তিনি করেননি, অন্য কেউ করেছে।
“যা হয়েছে তা ঠিক হয়নি”, বলেন পরিদর্শক আরিফুল।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী রাতে বলেন, “ঘটনাটি তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পরবর্তীতে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
