২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদা না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন তারা।

নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ
চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে নরসিংদীতে ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

নরসিংদীতে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। 

শনিবার সকাল ১০টায় বড় বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময় বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। 

তারা বলেন, যদি দুইদিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। 

সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশি ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহেন শাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন।