২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

পুলিশ জানায়, ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ক্ষমতার অপব্যহার করে নানা ‘অপকর্মের’ অভিযোগ রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

ফরিদপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও পরিচিত। 

সম্প্রতি ফরিদপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজপুর মহল্লার ইসলাম মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মোফাজ্জেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিল বলেন, “আমরা ক্ষমতার অপব্যবহারকারী সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ মোফাজ্জেলকে গ্রেপ্তার করে।”