২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অনুমোদনহীন ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

অভিযানে চারটি ইটভাটার বৈধ কোনো কাগজপত্র পায়নি পরিবেশ অধিদপ্তর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে থাকা এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আমজাদ হোসেন।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি ইটভাটার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫(১) ও ৫(২) লঙ্ঘন করা দায় চারটি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এর মধ্যে ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের মেসার্স সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স অনি ব্রিকসকে চার লাখ, মেসার্স রনি ব্রিকসকে পাঁচ লাখ এবং মেসার্স মার্ক ব্রিকসকে চার লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।