মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
“বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে মাহাতাবের সমাধিতে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত।”
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভুইয়ার বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।
রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল মাহতাবের সমাধিতে শ্রদ্ধা জানায়।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, “বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে মাহতাবের সমাধিতে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত।
“সারা দেশবাসী দোয়া করছি, যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে আমরা দোয়া করছি।”
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহুর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই উখারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাইলস্টোনের ঘটনায় তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক বলেন, “তদন্ত চলছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।”
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া বলেন, “সারদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে; আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়। এই দোয়া করি।”a
