প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ‘ধর্ষণ’: আসামির যাবজ্জীবন
মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে জানা যায়, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সাত বছর আগে শিশুকে ধর্ষণের দায়ে তার এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান।
দণ্ডিত আবু তালেব সরদার (৬৫) গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের সৈজ উদ্দিন সরদারের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, আবু তালেব ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের যে কোনো সময় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ১২ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন পরীক্ষা করে জানা যায়, মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় তালেবকে আসামি করে মেয়েটির বাবা গৌরনদী মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর তালেবকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
এ মামলায় বিচারক সাতজনের জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন জানিয়ে বেঞ্চ সহকারী বলেন, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে।
