১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুটি বাস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তবে আহতদের কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির অন্তত ৪০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ সময় অনেক যাত্রীর মালামাল খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাস যাত্রী মনির হোসেন জানান, চালকের পাশে বসে ছিলেন তিনি। চালক বাসটি বেপরোয়া  গতিতে চালাচ্ছিলেন। এর আগেও ওই চালক সিরাজগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পড়েছিলেন বলে দাবি তার।

এসআই নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। পরে বাস দুটি উদ্ধারে সেনা সদস্যরা সহায়তা করেন।

দুর্ঘটনার পর দুটি বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন; তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।