২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: নারায়ণগঞ্জে ‘মোমশিখা প্রজ্বালন’ কর্মসূচিতে বাধা, লাঠিপেটা

এক ছাত্রীর প্রশ্ন, “পুলিশ আমাদের বলে, ‘আমরা তোমাদের সেফটির জন্য’। আমাদের পেটানোর মধ্য দিয়ে তারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন?”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 11:39 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে হতাহতদের স্মরণে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত ‘মোমশিখা প্রজ্বালন’ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। 

এসময় পুলিশের লাঠিপেটায় অন্তত দশজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক শিক্ষার্থী ও তাদের কয়েকজন অভিভাবক জড়ো হলে এই ঘটনা ঘটে।

তবে ওই সময় পুলিশকে নেতৃত্ব দেওয়া সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন শিক্ষার্থীদের লাঠিপেটার বিষয়টি অস্বীকার করেবলেন, “কোনো অনুমতি ছাড়া তারা কর্মসূচির জন্য জড়ো হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তাদের সেখান থেকে সরিয়ে দেই।”

তবে শিক্ষার্থী ও অভিভাবকরা সাংবাদিকদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে মোম হাতে দাঁড়িয়েছিলেন। কর্মসূচি শুরু করার আগেই পুলিশ তাতে বাধা দেয়। 

তখন পুলিশকে জানানো হয় যে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিহত সহপাঠীদের স্মরণে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। 

কিন্তু পুলিশ কোনো কথা না শুনেই সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করতে শুরু করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানান তারা।

লাঠিচার্জের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও আশেপাশের সড়কে অবস্থান করতে থাকে। এ সময় একাধিকবার পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এদিকে পুলিশ ধাওয়া দিলেও দুইজন কলেজ ছাত্রী হাতে-হাত চেপে ধরে সড়কের উপর দাঁড়িয়ে থাকে। তারা পুলিশের লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকে। পরে আরও শিক্ষার্থীরা তাদের পাশে জড়ো হয়। 

সেখান থেকে তিন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও পুলিশ দাবি করেছে, তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। কিছুক্ষণ পরেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি তোলারাম কলেজের এক ছাত্রী বলেন, “আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দাঁড়িয়েছিলাম। আমাদের হাতে ছিল মোমবাতি। কোন লাঠি বা ইট আমাদের হাতে ছিল না। আমরা কাউকে ঢিল মারিনি, কাউকে গালিও দেইনি। তাহলে কেন আমাদের উপর লাঠিচার্জ করা হবে?” 

তিনি আরও বলেন, “পুলিশ আমাদের বলে, ‘আমরা তোমাদের সেফটির জন্য’। আমাদের পেটানোর মধ্য দিয়ে তারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন? এইটাকে সেফটি দেওয়া বলে? আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। উই ওয়ান্ট জাস্টিস, আমরা থেমে যাবো না। আমরা আরও দ্বিগুণ হব।”