সাতক্ষীরার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের নাম বদলে দিলেন শিক্ষার্থীরা
আগের নাম পাল্টে ‘মেডিকেল ইন্সটিটিউট’ নামে ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস এর নাম বদলে দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে চার দফা দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস’ নাম যুক্ত ফটকে ‘মেডিকেল ইন্সটিটিউট, সাতক্ষীরা’ নামে ব্যানার টাঙ্গিয়ে দেন তারা।
পরে দুপুরে প্রতিবাদী ছাত্র সমাবেশ ও সাতক্ষীরা-সুন্দরবন মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন ছাত্রনেতা নাগিব মাহফুজ।
তিনি বলেন, “ম্যাটসের শিক্ষার্থীদের দুই মাস ধরে চলমান আন্দোলনের দাবি পূরণ না হওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের নাম। এসএসসি পাশ করে স্কুলে পড়তে হয়! তাই সারা দেশ ম্যাটসের শিক্ষার্থীরা এই নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে।”
নাগিব মাহফুজ বলেন, তারা এই নাম পরিবর্তনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। তাই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে।
সমাবেশে জিল্লুর রহমান, অর্পিতা মল্লিক, নূর মোহাম্মাদ, শেখ সুলায়মান, নাঈমা জাহান তৃষা, ইমন হাসান, আম্বিয়া খাতুন, আরিফুল ইসলাম, ইতি আক্তার ইভা এবং আব্দুর রহমান বক্তব্য দেন।
