২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

“কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে নানান জন নানা কথা বলছে, সঠিক না জেনে বলা খুবই মুশকিল।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 06:05 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

সাতক্ষীরা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক কাপড় ব্যবসায়ী ও তার দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।   

শুক্রবার সকালে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের পালপাড়ার জনৈক মোহন পালের বাড়ি থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বলে সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ সাংবাদিকদের জানান।

মৃত হলেন-কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মাজেদ মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও কালামের দ্বিতীয় স্ত্রী নাজমিন আক্তার (৩০)।

স্থানীয় প্রতিবেশী আবুল বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে কয়েকটি চিরকুট লেখা আছে। তাতে লেখা আছে, আমি সবকিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচবো না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার করো, ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।

কালামের ভাই গোলাম মোস্তফা বলেন, “কালামের দুই স্ত্রী ছিল। বড় স্ত্রী কলারোয়াতে থাকে। সেখানে দুটি সন্তান রয়েছে। ছোট স্ত্রী নাজমিনের সঙ্গে বিয়ের পর বিভিন্ন ঝমেলার কারণে ছাড়াছাড়ি হয়। এর মধ্যে নাজমিনের আরেক জায়গায় বিয়ে হয়। সেখানে নাজমিনের ছেলে সন্তানও আছে। সম্প্রতি কালাম-নাজমিনের ফের যোগাযোগ হয় এবং তারা পালপাড়ার বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে।

“এর মধ্যেই আজ তাদের লাশ উদ্ধার হয়েছে। “কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে নানান জন নানা কথা বলছে, সঠিক না জেনে বলা খুবই মুশকিল।”

ওসি সুশান্ত ঘোষ বলেন, “প্রাথমিকভাবে মনে হতে পারে স্বামীকে মেরে স্ত্রী রশিতে ঝুলে মৃত্যুবরণ করেছে। কিন্তু অধিকতর তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব না। আমরা প্রায় সকল আলামত সংগ্রহ করেছি।

এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য থানা থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।