Published : 24 Jul 2026, 07:06 PM
রাজবাড়ী জেলা কারাগারে বন্দি হত্যাসহ সাতটি মামলার এক আসামি মারা গেছেন।
শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশীদ।
মৃত শশধর বিশ্বাস পাংশা উপজেলার নাওড়া গ্রামের প্রয়াত সমর বিশ্বাসের ছেলে।
মামুনুর রশীদ বলেন, ২০২৪ সালের ৭ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে শশধর বিশ্বাস জেলা কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মারামারি, অস্ত্র ও হত্যাসহ মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
এদিন সকাল পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। বেলা ১১টার দিকে বাথরুম থেকে বের হয়ে শশধর বিশ্বাস অসুস্থ বোধ করার কথা কারারক্ষীদের জানান। কিছুক্ষণ পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে সুরতহাল ও ময়নাতদন্ত শেষ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান জেলার মামুনুর রশীদ।