Published : 20 Jun 2026, 08:05 PM
অনেক জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশের অভাবের কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেছেন, “দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মত পরিবেশ ও কর্মসূচির অভাব রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে গণমানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।”
সুস্থ, সুন্দর ও সময়োপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে- জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
শনিবার বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় দলীয়করণে দেশের সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “বিগত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে দেশের সংস্কৃতি চর্চাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফলে সংস্কৃতি তার স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারেনি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও কাঙ্ক্ষিতভাবে গড়ে ওঠেনি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।