১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ‘বোলতার চাক’ পোড়াতে গিয়ে আগুনে ছাই ৬ দোকান ও বাড়ি

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 08:10 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘বোলতার চাক’ পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পাঁচটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে।

শুক্রবার বিকালে উপজেলার বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা।

তিনি বলেন, স্থানীয় কাজী মোহরের বাড়ির ছাদে পাটকাঠির মধ্যে থাকা বোলতার চাক নষ্ট করতে আগুন দেওয়া হয়। পরে সেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দলও এতে যোগ দেয়।

পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার বলেন, আগুনে তার দুটি দোকানসহ পাঁচটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। এতে তার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস বলছে, আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।