২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের আত্মহত্যার তিন মাস পর কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহাবুদ্দিন ফকির (৪২) সদর জজ আদালতে কর্মরত ছিলেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 10:58 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ভোলা শহরের একটি বাসা থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় একটি বাসা থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয় বলে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান।  

নিহত শাহাবুদ্দিন ফকির (৪২) সদর জজ আদালতে কর্মরত ছিলেন। 

শাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে। তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। অফিসারপাড়া এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেতন। ১০ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়ি যান। বাসায় তিনি একাই ছিলেন।  

চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আদালতে শাহাবুদ্দিনের দায়িত্ব থাকলেও তিনি উপস্থিত হননি। পরে সহকর্মীরা একাধিকবার তার মোবাইলে ফোন করেও সাড়া পাননি। 

বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকর্মীরা বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পরে তারা ভোলা সদর মডেল থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা খুলে সামনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।