ঝালকাঠিতে লেবার পার্টির ইরানের মনোনয়নপত্র বাতিল
এ ছাড়া জাপা, গণঅধিকার পরিষদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঝালকাঠি-১ (রাজাপুর, কাঁঠালিয়া) আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঝালকাঠির দুটি আসনে ২৫ প্রার্থীর মধ্যে নয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঝালকাঠি-১ আসনে ইরান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) গোলাম আজম সৈকত, (বিএনপি নেতা) মঈন আলম ফিরোজী ও (বিএনপি নেতা) অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির কামরুজ্জামান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার ও সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
