খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের গোপন কক্ষে ৯ লাখ টাকা
সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে মন্ত্রণালয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য দায়িত্ব থেকে অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার একটি তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল কেবিনেট থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তালাবদ্ধ ওই গোপন কক্ষটি খুলে আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, সদ্য দায়িত্ব হতে অপসারিত হওয়া জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিশ্রাম কক্ষের একটি ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে টাকাগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পরিষদে এত নগদ টাকা থাকার কোনো যৌক্তিক কারণ নেই। কীভাবে এসব টাকা এই গোপন কক্ষে এলো তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে বিরত থাকার আদেশ জারির পর মঙ্গলবার পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।
এদিকে সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনিত আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
