কুষ্টিয়ায় ৬ প্রার্থী অবৈধ, মাঠে রইলেন ২৭
জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে চয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ২৭ জন লড়াইয়ের জন্য মাঠে টিকে রইলেন।
রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, হলফনামায় সংযুক্ত এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
চারটি আসনের মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম প্রামাণিক আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) খাইরুল ইসলাম অবৈধ হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
