শিমুলের সেই ‘জান্নাতি প্যালেস’ এখন ধ্বংসস্তূপ
অভিযোগ আছে, নাটোর-২ আসনের এমপি শিমুল নিজের ক্ষমতা জাহির করতে বিরোধী মত-পথের মানুষের উপর চালিয়েছেন নির্মম জুলুম, অত্যাচার, নির্যাতন।
‘জান্নাতি প্যালেস’। আর আট-দশটি বাড়ির মত নয়। শুধু নাটোর কেন, বড় বড় শহরেও এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। সুউচ্চ প্রাচীর, বৈচিত্রময় টেরাকোটা, বাহারি কারুকার্যময় এই ডুপ্লেস্কে কী ছিল না? সুইমিংপুল থেকে শুরু করে দামি ইন্টেরিয়র, টালির ছাউনি, ব্যায়ামাগার- কোথাও এতটুকু কমতি ছিল না। বাইরে থেকে যেমন বিশলতা বোঝা যায়, বাড়ির ভেতরেও ছিল তেমন আভিজাত্য।
১৫ বছর নাটোরের ঠিকদারি কাজ নিয়ন্ত্রণ, পরিবহন খাত, চাকরিতে নিয়োগ, বদলি ও পদোন্নতি, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি কাজ, ক্রীড়াঙ্গনসহ প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করা হত এই বাড়ি থেকে। নাটোরের লোকজন এই বাড়িটিকে চিনতো ‘এমপির বাড়ি’ বলে। সেই ‘এমপি’ হচ্ছেন- নাটোর-২ আসনের দোর্দণ্ডপ্রতাপশালী সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন শফিকুল ইসলাম শিমুল। নিজের ক্ষমতা জাহির করতে তিনি বিরোধী মত-পথের মানুষের উপর চালিয়েছেন নির্মম জুলুম, অত্যাচার, নির্যাতন। প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মামলা-হামলার মাধ্যমে করছেন দমন-পীড়ন। মতের মিল না হলে তিনি নিজের দলের লোকদেরও ছেড়ে দিতেন না। আওয়ামী লীগ করেও অনেকে শিমুলের নির্যাতন-হয়রানির শিকার হয়েছেন।
অভিযোগ আছে, তার ‘বাহিনীর’ নির্যাতনে অনেকের প্রাণ গেছে, অনেকে পঙ্গু অবস্থায় বেঁচে আছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিমুল ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। শিমুল পালিয়ে কানাডায় চলে গেছেন, সেখানে ‘বেগমপাড়ায়’ তার বাড়ি রয়েছে, স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে তিনি বসবাস করেন এমন তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও সেগুলো যাচাই করা যায়নি।
জুলাই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে শিমুলের ‘জান্নাতি মহল’ ক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়। ক্ষোভের মুখে মানুষ বাড়িটি সবকিছু ভেঙে মাটিতে মিশিয়ে দেয়; সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
৫ অগাস্টের পর শিমুল ও তার বাহিনীর হাতে নির্যাতনের শিকার লোকজন মুখ খুলতে শুরু করেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে।
পারিবারিক সিন্ডিকেট
স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, শিমুল সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের সংসদ সদস্য হলেও তার প্রভাব ছিল গোটা জেলাজুড়ে। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা শিমুলের রাজনৈতিক উত্থান শুরু হয় ২০০৮ সালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। এর পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য বনে যান। এর ধারাবাহিকতায় টানা তিনবার সংসদ সদস্য হন।
শিমুলকে পারিবারিকভাবে চেনেন নাটোর শহরের একজন বাসিন্দা বলছিলেন, “তার বাবা হাসান আলী সরদার ছিলেন ছোটখাটো ঠিকাদার। সচ্ছল জীবনযাপন করতেন। দোতলা বাড়ি, কিছু কৃষিজমি ছাড়া বলার মত তেমন কিছু ছিল না পরিবারটির। হাসান আলীর ছেলেদেরও দৃশ্যমান আয়ের উৎস ছিল না। শিমুল উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য হওয়ার পরই পরিবারের সবার ভাগ্য ঘুরে যায়।”
সংসদ সদস্য হওয়ার পাশাপাশি শিমুল ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দুই পদ ব্যবহার করে তিনি ও তার ‘পারিবারিক সিন্ডিকেট’ জেলার সব ধরনের সরকারি কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ, পরিবহন খাত, সরকারের খাদ্য কর্মসূচি, জলমহালের ইজারা, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ, বদলি ও পদোন্নতিসহ নানান অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ করতেন। রাজনীতি ও ক্ষমতা ছিল তার সম্পদ অর্জনের হাতিয়ার।
শফিকুল ইসলাম শিমুলের পরিবারের অনেক সদস্যই নাটোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে ছিলেন। তার বড় ভাই শরিফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি ১০ বছর বিনা ভোটে নাটোর জেলা চামড়া সমিতির সভাপতি ছিলেন।
আরেক ভাই সিরাজুল ইসলাম নাটোর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। জেলা খাদ্য গুদামের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। তাদের সবার ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর ছিলেন জেলা যুবলীগের সদস্য। ব্যবসা-বাণিজ্য ও জেলার নানা খাতে তার নিয়ন্ত্রণ ছিল।
শুধু ভাইয়েরা নয়, শিমুলের ভগ্নিপতিরাও নাটোরে প্রভাবশালী ছিলেন। তার এক বোনের স্বামী মীর আমিরুল ইসলাম জাহান ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। অভিযোগ আছে, শিমুলের হয়ে টেন্ডার বা ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি।
এ ছাড়া আরেক ভগ্নিপতি সাজেদুর রহমান খান অরফে বুরা চৌধুরী সব ধরনের পুকুর লিজ নিয়ন্ত্রণ করতেন। ৫ অগাস্টের পটপরিবর্তনের পর থেকে তারা সবাই আত্মগোপনে।
‘পিঠে চাকু, মাথায় ১৮টা সেলাই’
নাটোর জেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম বাচ্চু বেশ কয়েকবার ‘শিমুলের বাহিনীর’ হাতে নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের তার একটি হাত অকেজো হয়ে গেছে।
বাচ্চু বলছিলেন, “আওয়ামী লীগের পিরিয়ডটা আমাদের জন্য একটা দুঃস্বপ্ন ছিল। প্রতিনিয়তই আমরা নির্যাতনের শিকার হইছি। আমাদের সুজন, যাকে শিমুল সাহেব মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলছে। তেবাড়িয়ার রাকিব রায়হানদেরও তারা মেরে ফেলেছে। আমাকে তাদের টার্গেট সবসময়ই ছিল। সেই টার্গেটের অংশ হিসেবে তারা আমার হাতটাকে পঙ্গু করছে। আমার পিঠে চাকু, মাথায় ১৮টা সেলাই। শরীর প্রতিটা জায়গায় তাদের আঘাতের চিহ্ন, প্রায় তিনবার তারা প্রহার করছে। তারপরও টিকে থাকতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছ, কাজ করেছি।”
তিনি বলেন, “‘জান্নাতি প্যালেস’ আসলেই একটা প্যালেসই। নাটোরে কোনো রাজনৈতিক নেতা বা বড় ব্যবসায়ী আজও করতে পারেনি। নাটোরের সুগার মিল, প্রাণ কোম্পানি, মোটর মালিক সমিতিসহ বেশকিছু সোর্স আছে এগুলো পুরো দখল করে সে খাইছে। চাকরি দিয়ে টাকা নিছে পাঁচ লাখ, সাত লাখ, দশ লাখ করে টাকা নিছে। উনি সব অর্থের বিনিময়ে করছে। এককথায় বলতে গেলে যার পরিচয়ই হচ্ছে গুণ্ডা, তাকে শেখ হাসিনা নমিনেশন দিছে। তারা যতদিন ছিল ওই অত্যাচার-নির্যাতন করে গেছে।”
একই ধরনের নির্যাতনের কথা বলেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব। তিনি বলেন, “২০২৩ সালের ২৯ অক্টোবরে শিমুলের নির্দেশে তার সন্ত্রাসীরা আমার উপর গুলি করে। আমার বাম হাতটা আজও ঝিন ধরে রয়েছে, পেটের মধ্যে গুলি যাওয়ার কারণে আট ইঞ্চির মত নাড়ি কেটে বাদ দিতে হয়েছে, একদিকে ২০টা; আরেকদিকে ছয়টি সেলাই পেটে আমার। আমাদের শত শত নেতাকর্মীকে তারা পিটিয়ে আহত করেছে।
“চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন কোনো খাত ছিল না যেখানে তার দখল ছিল না। নাটোরের সবচেয়ে সুন্দর বাড়িটি তিনি করেছেন জনগণের রক্ত চুষে।”
‘ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার ছিল না’
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, “শিমুলের বাহিনীর নির্দেশে আমাদের ৫০০ নেতাকর্মী পঙ্গু হয়েছেন। আমাদের প্রতিটি তার নির্দেশে হামলা হত। পরিকল্পিতভাবে তারা নির্যাতন, নিপীড়ন এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করার চেষ্টা করেছে, মিথ্যা মামলা করেছে।”
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এম রুহুর কুদ্দুস তালুকদার দুলু বলেন, “বাংলাদেশের অন্য কোনো জেলায় নাটোরের মত অত্যাচার করা হয়নি। এমন কোনো জায়গা নাই যেখান থেকে তারা টাকা-পয়সা নেয়নি। তারা যে লুটপাট করে সম্পদ গড়েছে এটা নাটোরের মানুষ জানে। ওর নামটা উচ্চারণ করে আমার মুখের পবিত্রতা নষ্ট করতে চাই না।”
জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমির ইউনূস আলী বলেন, শিমুল নাটোরে সন্ত্রাসের একটা জগৎ সৃষ্টি করে নিয়েছিল। তার তো চাঁদাবাজির সাম্রাজ্য ছিল।
একই কথা বলেন জামায়াতে ইসলামী নাটোর জেলার আমির ডা. মীর নূরুল ইসলাম। তিনি বলেন, “তার পরিবার, চ্যালা-চামচা সবাই ক্ষমতা কাজে লাগিয়ে লুটপাট করে ক্ষেয়েছে। দেশটাকে মনে করেছে পৈতৃক সম্পত্তি।”
তিনি বলেন, “দলের শীর্ষ নেতাদের কাছে নিজের গুরুত্ব বাড়াতে প্রয়োজনে-অপ্রয়োজনে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মারধর, জখম করেছে শিমুল। তার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার ছিল না।”
ধ্বংসস্তূপে চার লাশ
নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ বলছিলেন, নাটোরসহ ঢাকাতেও বিশাল প্রভাব বিস্তার করেছিল শিমুল। তার বৈধ কোনো কিছু আমরা এ পর্যন্ত দেখিনি। নাটোরে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে কাউকে সিডিউল কিনতে দেওয়া হয়নি, এমনকি লাইসেন্সও নবায়ন করতে দেওয়া হয়নি। তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জিম্মি করেছে। বাস-মিনিবাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, সাব-রেজিস্ট্রার অফিস, সরকারি উন্নয়ন কাজে সিন্ডিকেট, বহু অনুদানে আর্থিক অপকর্ম হয়েছে।
শিমুলের সময়ে দলের মধ্যে বিভেদ ও আন্তঃকোন্দল ছিল। শিমুলের সমর্থক আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এমনকি পেশাজীবী সংগঠনগুলো চলত এই ‘জান্নাতি প্যালেসের’ নির্দেশনায়। প্রায় ২৮ শতাংশ জায়গায় তিনি বাড়িটি করেছেন স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির নামে। শিমুল সেখানে তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন।
জুলাই গণঅভ্যুত্থান যখন চূড়ান্ত পর্যায়ে তার আগেই জান্নাতি প্যালেস ছাড়েন শিমুল ও তার পরিবার। ৫ অগাস্ট দুপুরেই সরকার পতনের বিষয়টি নিশ্চিত হয়। তারপর বিকালে শত শত বিক্ষুব্ধ মানুষ চড়াও হয় ‘জান্নাতি প্যালেসে’। ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।
পুড়িয়ে দেওয়া হয় কয়েক কোটি টাকা দামের তিনটি গাড়িসহ বাড়ির আসবাব। লাখ টাকার ক্রীড়া সামগ্রী, কম্বল, আসবাব, ফ্রিজ, এসি, ওভেনসহ নানা ইলেক্ট্রনিক সামগ্রীর পাশাপাশি লুট করা হয় বাড়ির প্রবেশপথে লাগানো বিশাল আকারের স্টিলের একটি গেট। পর দিন সকালে ‘জান্নাতি প্যালেসের’ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা চারটি মরদেহ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হত্যা, হামলা, দুর্নীতি ও অর্থ পাচারসহ নানা অভিযোগ ১০ থেকে ১২টি মামলা রয়েছে। যেগুলো এখন তদন্তাধীন অবস্থায় রয়েছে।
