১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত

ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে, বলছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 09:36 AM

Updated : 26 Aug 2026, 12:04 PM

নওগাঁয় ডাকাতির চেষ্টার সময় পুলিশের ধাওয়ার মুখে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই ডাকাত আহত হয়েছে বলে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানিয়েছেন।

নিহত ডাকাতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহত ডাকাতদের একজনের নাম রুবেল হোসেন ও আরেকজনের নাম মাসুদ রানা। তাদের নওগাঁ সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শাহীন রেজা বলেন, “মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি স্থানে ব্যারিকেড দেয় এবং ডাকাতদের ধাওয়া করে।

“ডাকাতরা ওই ছয়টি স্থানের ব্যারিকেড ভেঙে পালিয়ে যাবার সময় তাদের ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।”

ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের জেলা সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের বাড়ি বগুড়া এবং নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”